নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ শিশু নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ২ শিশু নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-আড়াইহাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ২ শিশু হলো- উপজেলার মনোহরদী গ্রামের সুমন বর্ধনের মেয়ে মিষ্টি বর্ধন (৫) ও সুজন বর্ধনের মেয়ে ইচ্ছা রানী বর্ধন ( ৭)। মিষ্টি ও রানী সম্পর্কে চাচাতো বোন।
এই ঘটনায় মিষ্টির বাবা সুমন বর্ধন (৩৪) ও দাদা কার্তিক বর্ধন (৭০) আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ২ শিশু ও বাবা কার্তিক বর্ধনকে নিয়ে সুমন বর্ধন নিজের মোটরসাইকেল চালিয়ে সোনারাগাঁয়ের বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথে লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে মোড় নিতে গেলে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইচ্ছা রানী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃষ্টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষনা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় কার্তিক বর্ধন ও সুমন বর্ধনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় পুলিশ চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে। ২ শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।