নারায়ণগঞ্জে কারখানায় আগুন: ২৪ জনের মরদেহ পেল পরিবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গ থেকে মরদেহ হস্তান্তর শুরু হয় এবং ৩টার দিকে শেষ হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে অগ্নিকাণ্ডে নিহত ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
ঢামেক মর্গে থাকা ২৪টি মরদেহ আজ হস্তান্তর করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে থাকা বাকি মরদেহগুলো আগামী শনিবার হস্তান্তর করা হবে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত উপ-কমিশনার এসএম মাহফুজুর রহমান।