নারায়ণগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাকের চাপায় স্কুল শিক্ষার্থী জুনায়েদ হোসেন (১২) নিহত হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় উপজেলার পানাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ হোসেন উপজেলার গোপেরবাগ এলাকার ইউসুফ আলীর ছেলে। সে সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় আহত হয়েছেন নিহত জুনায়েদের মামা মোহাম্মদ নুরনবী (২৫)।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'জুনায়েদ মামার সঙ্গে বাইসাইকেলে আদপুরবাজার থেকে নানা বাড়ি রাইজদিয়া যাচ্ছিল। পানাম দুলালপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক বেপরোয়া গতিতে পিছন দিক থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে জুনায়েদ ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, 'আহত নুরনবীকে স্থানীয়রা উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।তিনি বলেন,'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'