নারায়ণগঞ্জে ট্রাকের গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ১০

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলায় ট্রাকের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, জজ মিয়া (৪৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৪০), আব্দুল বাতেন (৫০), তার ছেলে তোহা (১৪) ও মেয়ে আফসানা (২), আলম (৪৫), হাফসা (৬), আছমা (৪৫), তাহরিমা (১৭) ও হাসিনা (৪০)। 
তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিস মো. আলম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধারণা করা হচ্ছে ট্রাকের গ্যাস সিলিন্ডার ছিল। এটির গ্যাস অপসারণ করছিল। এসময় ওই গ্যাসের সিলিন্ডারের আগুন থেকেই সবাই দগ্ধ হয়। অসচেতনতা থেকেই মূলত এ অগ্নিকাণ্ড হয়।

বার্ন ইউনিটের ডাক্তারদের বরাত দিয়ে তিনি বলেন,'দগ্ধদের মধ্যে আব্দুল বাতেন, জজ মিয়া ও আলমের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। অন্যদের হাত, পা সহ শরীরের অন্যান্য অংশ পুড়ে গেছে।'

দগ্ধ জজ মিয়ার ভাই নাজমুল হাসান জানান, তাদের বাসা নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা আলীগঞ্জে। আজ দুপুরে ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার তাদের বাসার কাছে রাখা হয়। সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। এ সময় সিলিন্ডারের পাশে ফেলা সিগারেটের আগুন থেকে গ্যাসে আগুন লেগে যায় এবং তা কয়েকটি বাড়ির ভেতরে চলে যায়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, 'শিশুসহ ৬ জনকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে আলম, জজ মিয়া ও হাসিনা মমতাজের অবস্থা আশঙ্কাজনক। বাকিদেরও শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। জরুরি বিভাগের তাদের চিকিৎসা চলছে।'