নারায়ণগঞ্জে দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দেয়াল ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লক্ষণখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিনি জানান, নিহত দুই জন হলেন— বন্দর এলাকার বাসিন্দা হৃদয় মিয়া (৪০) ও গাইবান্ধার লক্ষ্মীপুর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী দুলালী বেগম (৩৮)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, ‘বন্দরের লক্ষণখোলা এলাকায় ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকেরা। সেসময় ড্রেনের পাশে একটি সীমানা দেয়াল ধসে শ্রমিকদের ওপরে পরে। এতে তিন জন শ্রমিক আহত হয়। অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় ও দুলালীকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া, আরও এক নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্যে দুই জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা ডেইলি স্টারকে বলেন, ‘লক্ষণখোলা এলাকায় একটি স্কুলের পাশে সিটি করপোরেশনের ড্রেনের কাজ করছিলেন আট থেকে ১০ জন শ্রমিক। সেসময় স্কুলের দেওয়ালের পাশে ড্রেনের জন্য মাটি কাটায় দেওয়ালটি ধসে শ্রমিকদের ওপরে পরে। এতে দুই জন শ্রমিক মারা যান ও একজন আহত হয়েছেন।’
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।