নারায়ণগঞ্জে নৌকাডুবি: আরও ৩ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে নৌকাডুবির ঘটনার ৫ দিন পর বুড়িগঙ্গা নদী থেকে আরও ৩ মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকার নদীতে লাশগুলো ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো উদ্ধার করেন।
উদ্ধার করা মরদেহগুলো সামসুদ্দিন (৬২), আব্দুল্লাহ ও তামীমের (৮)। এই ঘটনায় গতকাল রোববারও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ৭ টা থেকে পর্যায়ক্রমে লাশগুলো ভেসে ওঠে। পরে এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরে আমরা সেগুলো উদ্ধার করি।'
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আরও ২ জন নিখোঁজ আছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
গত ৫ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাটে আসার সময় এমভি ফারহান-৬ নামের একটি লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে ও অন্য একটি নৌকার সাহায্যে অনেকে তীরে উঠতে পারলেও ৯ জন নিখোঁজ থাকেন।
দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। এর ২ দিন পর আরেক জনের নিখোঁজ থাকার অভিযোগ আসে। তাতে সবমিলিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়ায় ১০ জনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের আব্দুল্লাহ আল আরেফিন জানান, সামসুদ্দিন (৬২) যে নিখোঁজ ছিলেন সেটা জানা ছিল না। আজ মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়েছে।