নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৪

স্টার অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জে বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে শিশুসহ ৪ জন মারা গেলেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে মারা যান মেজবাহ উদ্দিন (৬৫)। এই দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মেজবাহ উদ্দিন আজ সকালে হাসপাতালে মারা গেছেন। গতকাল রাতে ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

মেজবাহ উদ্দিনের ছেলে শাহরিয়ার মাহমুদ শিশির ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার ঘাড়মোড়া গ্রামে। তার বাবা পঞ্চবটী কোল্ডস্টোরে চাকরি করেন। কাজ শেষে করে পঞ্চবটী থেকে আনন্দ পরিবহনে করে বাসায় ফিরছিলেন তিনি।

তিনি বলেন, 'দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে বাবাকে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে ঢামেকে ভর্তি করা হয়।'

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় বাসচালক নুরু মিয়া (৩০) ও মনোরঞ্জন সাহা (৪০) নামে আরও একজন হাসপাতালে ভর্তি। নুরু মিয়ার মাথায় আঘাত রয়েছে। মনোরঞ্জনের পায়ে আঘাত ছিল। তবে অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।