নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদাদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী'র মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় ওই দম্পতির নিজ বাড়িতে এ দুর্ঘটানা ঘটে। নিহতরা হলেন- কাজম আলী (৬৫) ও জমেলা বেগম (৬০)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পুকুর থেকে পানি আনতে গিয়ে বৈদ্যুতিকমোটর চালুর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কাজম আলী। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী জমেলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা বিদ্যুতের লাইন বন্ধ করে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

তিনি আরও বলেন, 'ধারণা করা হচ্ছে বিদ্যুতের তার লিকেজ থাকায় বিদ্যুৎ পুরো সুইচ বোর্ডে ছড়িয়ে পড়ে। এ কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তাদের মরদেহ বাড়িতে আছে এবং সন্তানরা বিনা ময়নাতদন্তে মরদেহ আবেদন করবে বলে জানিয়েছে।'

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।