নারায়ণগঞ্জে স্টিল মিলে গলিত লোহা ছিটকে ৫ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার রসুলপুর এলাকায় সিএসআরএম স্টিল মিল কারখানায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, 'সোহেল রানা, লিটন, আব্দুল আলী, আরিফ ও বিল্লাল হোসেন। তাদের বয়স ৩৫ থেকে ৫০ এর মধ্যে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে সিএসআরএম স্টিল কারখানায় রড তৈরির জন্য ফার্নিশের ভেতর লোহা গলানো হচ্ছিল। তবে ফার্নিশারের তাপমাত্রা বেড়ে যাওয়ায় গলিত লোহা ছিটকে শ্রমিকদের শরীরে গিয়ে পড়ে। এতে ৫ জন দগ্ধ হয়েছেন।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকদের শরীরের বিভিন্ন অংশে ২৫ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।'
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।