নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
নিহত দুই জন হলেন—উপজেলার প্রধানবাড়ির আল আমিন শিকদারের ছেলে মাহিন শিকদার (১৮) ও একই এলাকার মোল্লাবাড়ির দুলাল মোল্লার ছেলে সৌরভ মোল্লা (১৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘মাহিন ও সৌরভ দুই বন্ধু। তারা বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে ভুলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কর্ণগোপ আসলে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা সৌরভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।