নারায়ণগঞ্জ সদরে তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার 'অটোম্যাশন নিটওয়্যার' পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, 'বিকেল ৪টা ৪৫মিনিটে অটোম্যাশন নিটওয়্যার লিমিটেড নামের গার্মেন্টস কারখানার ৬ তলায় কাটিং সেকশনে অগ্নিকাণ্ডের খবর পাই। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ব্যাপকতা ও ধোয়ার কারণে আমাদের কাজ করতে সমস্যা হয়েছে। কারখানা বন্ধ ছিল। কোনো হতাহত নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তদন্ত করে পরে বলা যাবে।'

অটোম্যাশন নিটওয়্যার লিমিটেড এর প্রোডাকশন ম্যানেজার মো. বাবুল মিয়া বলেন, '২১ ফেব্রুয়ারি উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমাদের কারখানা বন্ধ ছিল। এখানে একজন নিরাপত্তারক্ষী ছিলেন। তিনি দেখেছেন বিদ্যুতের লাইনে প্রথমে আগুন লাগে। তারপর দ্রুত কারখানায় আগুন ছড়িয়ে যায়।'

তিনি আরও বলেন, 'এখানে আমাদের সুইং মেশিন ছিল। রপ্তানির জন্য প্রস্তুত করা পণ্য ছিল। এসব কিছু পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখন বলা যাচ্ছে না।'