নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের  শিলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন অর রশিদ গ্রামবাসীর বরাত দিয়ে জানান, আজ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৫৫) তার ফসলি জমিতে যান। রহিমের জমির পাশেই পল্লী বিদ্যুতের একটি পুরনো লোহার খাম্বা ছিল। সেখান থেকেই কোনোভাবে জমিটি বিদ্যুতায়িত হয়েছিল।

তিনি আরও বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে ভাতিজা ইউসুফ (৪৫), সুমন (২৮) ও জুয়েল (১৬) একে একে আব্দুর রহিমকে উদ্ধার করতে যান। অচেতন অবস্থায় ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।