নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সরকারি কর্মচারীর মৃত্যু
নোয়াখালীর সেনবাগে সরকারি আবাসিক কোয়াটারের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ি চালকের মৃত্যু হয়েছে।
নিহত আকিব হোসেন লিটন (২৮) নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মতিউর রহমান শনিবার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সেনবাগ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, 'গতকাল সকালে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আবাসিক কোয়াটারে সরকারি গাড়ি চালক আকিব হোসেন লিটন পরিবার নিয়ে আসেন। তিনি অন্য একটি আবাসিক ভবন থেকে বৈদ্যুতের অবৈধ সংযোগ টানেন জানালা দিয়ে। রাতে বাসায় গিয়ে জানালা খোলা দেখে বন্ধ করতে গেলে বিদ্যুতের তারটি জানালার কোনায় লেগে ফেটে যায়। এতে করে জানালা বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।