পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য ছেলে ও একই বাহিনী থেকে অবসরপ্রাপ্ত বাবার মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার চাকলাহাট ইউনিয়নের পঞ্চগড়-কহুরুরহাট সড়কের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল আজিজ ওরফে কালু (৫৫) ও তার ছেলে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ বিজিবিতে কর্মরত আরিফ হোসেন (২৫)।

তারা দুজনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিঞা দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, চাকেলারহাট থেকে পঞ্চগড়-কহুরুরহাট সড়কের নতুনবন্দর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আরিফ ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা গুরুতর আহত আব্দুল আজিজকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথেই তিনি মারা যান।

আরিফের পরিবারের সদস্যরা জানান, আরিফ গত ২৪ মার্চ  বিয়ে করেন।

ওসি জানান, ট্রাক্টরটিকে আটক করা যায়নি। এর চালক ও সহকারীও পালাতে সক্ষম হয়েছে।

অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।