পরিত্যক্ত স্কুলঘর ধসে ৪ শিক্ষার্থী আহত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্কুলের পরিত্যক্ত টিনের চালা ধসে পড়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের পশ্চিম পাইকপাড়া বোর্ডিং মাঠ সংলগ্ন শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা হলো, নাজমুল (১২), মারিয়া (৮), সামিয়া (৭) ও হাবিবা (৭)। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগে পরিত্যক্ত টিনশেড ঘরটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেটি সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছিল এলাকাবাসী। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে আজ এই দুর্ঘটনাটি ঘটেছে। 

এলাকাবাসী জানান, সরকারিভাবে পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯০ সালে টিনশেড একটি ঘরে শিক্ষা কার্যক্রম শুরু করে। কয়েক বছর আগে স্কুলটি পাশের একটি আধাপাকা ভবনে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে টিনশেড ঘরটি পরিত্যক্ত ছিল। আজ দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরান স্কুল ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় হঠাৎ টিনের চালাসহ ঘরটি ভেঙে পড়ে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, তিনি স্কুল ঘরটির পাশ দিয়ে যাওয়ার সময় বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন ৩ শিশু পুকুরের পানিতে পড়ে গেছে। একজন ঘরের ভেতরে আটকে পড়েছে। পরে অন্যান্যদের নিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করেন তিনি। 

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলাম বলেন, 'ঘরটি ধসে পড়ার শব্দ শুনে শিক্ষকরা দৌড়ে ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।'