পাবনায় সড়ক দুর্ঘটনায় আরও ২ জন নিহত, আহত ৪
পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে পাবনা-রাজশাহী মহাসড়কে নসিমনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে সিএনজি চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর নাম বাবলু হোসেন (২৫)। তিনি নাটোরের বরাইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত সিএনজি চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহতরা হলেন, ঈশ্বরদীর আমবাগান এলাকার ডলি খাতুন, আনোয়ারা খাতুন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহরম আলী ও শাহিন হোসেন।
আহতদের মধ্যে ২ জনকে গুরুত্বর আহত আবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার দ্য ডেইলি স্টারকে জানান, পাবনা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে দিকশাইল মোড়ে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চালক ও একজন যাত্রী নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে নসিমন ও সিএনজি আটক করেছে।
এর আগে রোববার সকালে পাবনা সদর উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। আজ সকালে পাবনা সদর উপজেলার তেলকুপি এলাকায় এবং জোতআদম এলাকায় এ ২টি সড়ক দুর্ঘটনা ঘটে।
২টি দুর্ঘটনায় নিহতরা হলেন—পাবনা সদর উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বাসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) এবং শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ৭টার দিকে ভ্যানযোগে ধান ভাঙানোর জন্য মিলের দিকে যাচ্ছিলেন ২ জন। তেলকুপি নামক স্থানে রাস্তার মাঝে হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যায়। আহত অপর ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোমিনকে মৃত ঘোষণা করেন।'
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থকে ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।
সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালোইঞ্জিন চালিত করিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। নিহত সাজ্জাদ পাবনার জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাশ করেছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখী করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।'