পিকআপ ভ্যানচাপায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পিকআপ ভ্যানচাপায় কলেজশিক্ষার্থী স্বপ্না আক্তার (১৭) নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপ্না আক্তার উপজেলার তিল্লি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের শহিদের মেয়ে এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'তিল্লি এলাকায় সড়ক দুর্ঘটনার খবর জানতে পেরেছি। নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা আছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে স্বপ্না তার বাবার সঙ্গে ভ্যানে করে বাংলাদেশ হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে তিল্লি ব্রিজের দক্ষিণ পারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন স্বপ্না ও তার বাবা। ঘটনার পরে পিকআপের চালক ও স্থানীয়রা তাদেরকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক স্বপ্নাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ভ্যানচালক শহীদ বলেন, 'আমি ভ্যান চালাই। প্রতিদিনের মতো আজকে সকালেও ভ্যান নিয়া বের হওয়ার সময় মেয়ে বললো বাবা আমাকে বাংলাদেশ হাট পর্যন্ত নিয়ে যাও। মাঝে মাঝে ও আমার সঙ্গে বাংলাদেশ হাট পর্যন্ত যেত। কিন্তু, আজকে মেয়েকে নিয়ে যেতে পারলাম না। তিল্লি ব্রিজের দক্ষিণ পারে যাওয়ার পর একটি পিকআপভ্যান আমাদের চাপা দেয়। হাসপাতালে আনার পরে ডাক্তার জানাল, আমার মেয়ে আর বেঁচে নাই। আর কোনোদিন মেয়ে কইবো না বাবা আমারে তোমার লগে নিয়া যাইয়ো।'

তিনি আরও বলেন, 'দুর্ঘটনার পরে পিকআপভ্যানের চালক আমাদের সঙ্গে হাসপাতালে এসেছিল। মেয়ের মৃত্যু কথা শুনে তিনি পালিয়েছেন।'

এ বিষয়ে থানায় অভিযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, 'মামলা কইরা কী হইবো, আমার মেয়েকে তো আর ফিরে পাব না।'