পুলিশ দেখে নদীতে ঝাঁপ, ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

পুলিশ আসতে দেখে নদীতে ঝাঁপ দেওয়ার ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে রুবেল হোসেন (১৮) নামের এক তরুণ অটো চালকের। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুরের ডাকাতিয়া নদীর কয়লাঘাটের কাছ থেকে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। 

রুবেলের বন্ধু প্রত্যক্ষদর্শী হাসান দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে তার বন্ধু রুবেলের সঙ্গে ডাকাতিয়া নদীর খেয়া ঘাটের সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় টর্চ লাইটের আলো দেখে তারা পুলিশ ভেবে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেন।

হাসান বলেন, 'এ ঘটনার পর আমি সাঁতরে উপরে উঠে আসলেও রুবেলকে আর পাওয়া যায়নি। পরে তার স্বজনদের সঙ্গে রাতভর কয়লাঘাট ও আশেপাশে খোঁজ করেও রুবেলের সন্ধান পাওয়া যায়নি।'

আজ সকালে চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়ে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এমরান হোসেন।

পুরানবাজার ম্যারকাটিজ রোডের শহীদ হাওলাদার বাড়ির হুমায়ুন মিয়ার ছেলে রুবেল। হুমায়ুন মিয়া বলেন, 'আমার ছেলে অটো চালায়। ঘটনার দিন রাত সাড়ে ৮টার সময় আমি ছেলেকে এলাকার হাসানের সঙ্গে বাড়ির কাছের রাস্তায় দেখেছিলাম। ভ্যানের ওপর বসা ছিল। কখন তারা নদীর পড়ে গেছে, সেটা জানি না। পরে জানতে পারি রুবেল পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে।'

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আবদুর রশিদ বলেন, 'পুলিশ ওই সময় নদীরপাড় এলাকায় মাদকের অভিযানে গিয়েছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দেয়। আমরা আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেছি।'