পেট্রাপোলে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা তুলাসহ ১২টি ট্রাক পুড়ে গেছে
ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন লহ্মী পার্কিংয়ে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা ১২টি তুলাবোঝাই ট্রাক আগুনে পুড়ে গেছে।
আজ রোববার ভোরে এই আগুনের ঘটনা ঘটে।
ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে জানান, আজ ভোর রাতে পেট্রাপোল বন্দর সংলগ্ন জয়ন্তিপুর লহ্মী ট্রাক পার্কিংয়ে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা তুলার ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশের আরও ১১ টি তুলার ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে সেগুলোও ভস্মীভূত হয়।
খবর পেয়ে বনগা ও গোবরাডাংগা থেকে কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি এসে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন ধরল বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয় বলে তিনি জানান।
ভারতের পেট্রাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর শ্রী রাকেশ কুমার দ্য ডেইলি স্টারকে জানান, অগ্নিকাণ্ডে মোট ৮ কোটি রুপির তুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।