ফকিরহাটে ট্রাক-হিউম্যান হলারের সংঘর্ষে ৩ মাদ্রাসাছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী হিউম্যান হলার ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।

আজ রোববার ভোররাতে খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকার হাফেজ আব্দুল্লাহ, রামপালের ঝনঝনিয়া এলাকার আব্দুল গফুর ও সাতক্ষীরার সালাহউদ্দিন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র।

হাকিমপুর কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ ডেইলি স্টারকে বলেন, 'ছাত্ররা আন্তর্জাতিক কিরাত সম্মেলনে যোগ দিতে খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়।'

কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থলেই ৩ ছাত্রের মৃত্যু হয়। আহত ২ ছাত্রকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

ট্রাকটিকে জব্দ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।