ফরিদপুরে খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় খালে গোসল করতে নেমে শেখ ফাহিম নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ফাহিম লোহারটেক গ্রামের সৌদী প্রবাসী শেখ রহিমের ছেলে। সে লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
ফাহিমের চাচা শেখ বিল্লাল জানান, ফাহিম সাঁতার জানতো না। দুপর ১টার দিকে ফাহিম এবং তার দুই ভাই ফাহাদ ও মিরাজের সঙ্গে বাড়ির পাশে লোহারটেক খালে গোসল করতে যায়। হঠাৎ ফাহাদ ও মিরাজ এসে জানায় ফাহিমকে পাওয়া যাচ্ছে না। প্রায় ২ ঘণ্টা খোঁজার পরে দুপুর ৩টার দিকে ফাহিমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেষণা করেন।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন দ্য ডেইলি স্টারকে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।