ফুটবল তুলতে পদ্মায় নেমে ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ফুটবল তুলতে নেমে নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
দৌলতপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা সাতটা ৪০ মিনিটের দিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজিবুর রহমান জানান, ফুটবলে তুলতে নেমে দুই বন্ধুর নিখোঁজের খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। তবে, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হয়। অভিযান শেষে ফিরে আসার পথে পদ্মার একপাশে তাদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮)। তারা উপজেলার ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফজলুল হক কবিরাজ জানান, ইউসুফ ও সামিরুল বন্ধুদের সঙ্গে পদ্মার চরে ফুটবল খেলছিল। ফুটবল নদীতে পড়লে সামিরুল ও সম্রাট নদীতে নেমে ফুটবল তুলতে যায়। কিন্তু, পদ্মার প্রবল স্রোতে তারা তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় এবং পরে তাদের সঙ্গে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ডুবুরিরা যুক্ত হয়।