ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত
ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের সহকারী।
আজ বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মোহাম্মদ শিপন (৩৫) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সমির হোসেনের ছেলে।
সহকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ট্রাকটি ভুট্টা নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুরে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাকচালক শিপন মারা যান।
হাইওয়ে পুলিশ আহত সহকারীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ফেনীর মহিপাল মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, ট্রাকটি থানায় জব্দ করা হয়েছে।