ফেনীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালক নিহত
ফেনীর দাগনভূঁঞা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফারুক (২৬) নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মহীপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার যোগীরপুল এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফারুক নোয়াখালীর কোম্পানীগঞ্জের শান্তিনগর গ্রামের আবদুর রহিমের ছেলে।
দুর্ঘটনায় সময় ফারুকের পাশের আসনে ছিলেন মো. মনছুর আলম (৩১)। তিনিও আহত হয়েছেন। মনছুরের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।
পুলিশ জানায়, ফেনীমুখী একটি চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছিল পিকআপ ভ্যানটি। এতে চালকসহ দুজন আহত হন। তাদের দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ ভ্যানচালককে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আবদুস সামাদ আরও বলেন, ট্রাকটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য পিকআপ ভ্যানচালকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।