বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার প্রাণনাথপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-প্রাণনাথপুর গ্রামের মো. নাইমের স্ত্রী মরিয়ম বেগম (২৮) এবং তার মেয়ে নুরজাহান মৃত্তিকা (৬)।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস জানান, আজ দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মা-মেয়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, 'স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হতে পারিনি, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা। কারণ যেখানে তারা মারা গেছেন সেখানে রেললাইন পার হওয়ার মতো কোনো রাস্তা বা রেলগেট ছিল না।'

নওগাঁর রাণীনগর উপজেলার রাণীনগর রেলস্টেশন থেকে আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।