বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৩

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ায় কাপড় শুকানোর তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন মারা গেছেন।

আজ সোমবার সকাল ৯টায় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চারকুটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় মারা গেছেন ক্ষিতিশ চন্দ্র গেদু (৫৬), এবং তার প্রতিবেশী পলাশ (৪০) ও ক্ষিতিশ চন্দ্র (৪২)।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি শহীদুল ইসলাম বলেন, 'ক্ষিতিশ চন্দ্র গেদুর বাড়ির সামনের কাপড় শুকানোর তার ছিঁড়ে গেলে তিনি তা জোড়া দিতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তার প্রতিবেশী পলাশ বাঁচাতে এসে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের অপর প্রতিবেশী ক্ষিতিশ এ অবস্থা দেখে তাদের বাঁচাতে এসে নিজেও বিদ্যুতের সংস্পর্শে আসে। এরপর একই পরিস্থিতিতে পরে গেদুর ছেলে রুবেল। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করেন।'

ওসি আরও বলেন, 'গেদু ও পলাশ ঘটনাস্থলেই মারা যান। ক্ষিতিশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে রুবেল আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।'