বগুড়ায় মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়া-সান্তাহার সড়কে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার কাহালু উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আজমল (২৬) ও বাগইল গ্রামের মো. শাহিন (৩২)।

স্থানীয়দের ও নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আম্বর হোসেন দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিহতরা দুই বন্ধু। বিকেলে তারা মোটরসাইকেলে করে দুপচাঁচিয়া যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে আজমল ঘটনাস্থলেই মারা যান।'

শাহিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনি সেখানে মারা যান বলে জানান ওসি।

ওসি আরও জানান, বাসটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।