বঙ্গোপসাগরে তেলবাহী ট্যাঙ্কার-কনটেইনারবাহী জাহাজ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গোপসাগরে কুতুবদিয়ার কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে একটি কনটেইনারবাহী জাহাজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় একটি খালি কনটেইনার জাহাজ থেকে সাগরে পড়ে যায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিয়েতনামের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি হাইয়ান সিটির সঙ্গে ওরিয়ন এক্সপ্রেস নামে একটি বাংলাদেশি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়।

জাহাজটি সকালে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে গিয়েছিল বলে জানান তিনি।

পোর্ট রেডিও কন্ট্রোল রুম সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গা নৌ ঘাঁটি থেকে ১৪ নটিক্যাল মাইল দূরে কুতুবিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুই জাহাজের সংঘর্ষে ভিয়েতনামের পতাকাবাহী কনটেইনার জাহাজটি থেকে একটি খালি কন্টেইনার সাগরে পড়ে যায়।

দুর্ঘটনায় উভয় জাহাজই আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, কনটেইনারবাহী জাহাজটি বর্তমানে সাগরে নোঙর করে আছে এবং সাগরে চলতে জাহাজের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তেলের ট্যাঙ্কারটি অবশ্য বিকেলে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বন্দরের উদ্ধারকারী জাহাজ কাণ্ডারি ১১, দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ বে ক্লিনার ও জরিপ জাহাজ দুর্ঘটনাকবলিত কনটেইনারবাহী জাহাজটিকে যে কোনো সহযোগিতার জন্য ঘটনাস্থলে অবস্থান করছে।

ওমর ফারুক বলেন, 'সাগরে চলাচলের সক্ষমতা অর্জন না করা পর্যন্ত এবং ক্ষতিপূরণের বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত উভয় জাহাজকে বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে না।'

'এ দুর্ঘটনার তদন্তের জন্য মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট (এমএমডি)  একজন মেরিন সার্ভেয়ারের নেতৃত্বে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে,' যোগ করেন তিনি।