দিনাজপুরে বজ্রপাতে ৪ কিশোরসহ ৭ জনের মৃত্যু

নিজস্ব সংবাদাতা, দিনাজপুর

দিনাজপুর শহরে বজ্রপাতে চার কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই কিশোর। এর আধা ঘণ্টার মাথায় বেলা সাড়ে তিনটার দিকে জেলার চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নে বজ্রপাতে তিন তরুণের মৃত্যু হয়।

দিনাজপুর শহরে মৃতরা হলো, আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩) ও আপন ইসলাম (১৪), বাবুল হোসেনের ছেলে হাসান আলী (১৪), প্রয়াত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) এবং সাজু মণ্ডলের ছেলে মিম (১৩)।

তারা সবাই দিনাজপুর শহরের নিউটাউন এলাকার বাসিন্দা। এই ঘটনায় আহত দুজন হলেন, মমিনুল ইসলাম (১৫) এবং আতিক (১৫)। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

চিরিরবন্দর উপজেলায় মারা যাওয়া তিন জন হলেন সুখদেবপুর ভুড়িয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক (২৮), আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২৫) এবং মোকছেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬)।

দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বৃষ্টিতে এই কিশোররা ৮ নম্বর নিউটাউন এলাকায় একটি টিনশেড বাড়িতে আশ্রয় নিয়েছিল। সোমবার বেলা ৩টার দিকে বাড়িটিতে বজ্রপাত হয়। এতে তাৎক্ষণিকভাবে দুই জনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথে আরও দুই কিশোরের মৃত্যু হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.  কাজী শামীম হোসেন বলেন, আহত দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।