বনানীতে ফ্লাটে আগুনে নিহত ২, আহত ১

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানীতে একটি ১০তলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

আজ সোমবার এই ঘটনা ঘটে।

দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মিম (১৬) ও স্বপ্নাকে (১৪) মৃত ঘোষণা করেন। রিনতা (৩০) নামক অপর নারীর চিকিৎসা চলছে।

দমকল বাহিনীর ডিউটি অফিসার রাসেল শিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোররাত ১টা ৪০ মিনিটে আগুন লেগেছে বলে সংবাদ পাওয়ার পর চারটি ইউনিট সেখানে যায় এবং ভোররাত ২টা ৪০ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়।

আগুনে ড্রয়িং রুম, গেস্ট রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধারনা করা হচ্ছে ধোঁয়ার কারণে দুজনের মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

আগুন লাগার কারণ জানতে অনুসন্ধান করা হচ্ছে বলেও যোগ করেন তিনি।