বনানীর ছয় তলা ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল প্রায় শূন্য: ফায়ার সার্ভিস

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় আগুন লাগা ছয় তলা ভবনে অগ্নিনির্বাপকের যথেষ্ট ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান।

তিনি বলেন, 'ভবনটি অনেক পুরনো। এখানে অগ্নিনির্বাপকের ব্যবস্থা ছিল প্রায় শূন্য।'

তিনি আরও বলেন, 'ভবনটিতে অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হচ্ছে।'

'এখন আমাদের প্রথম অগ্রাধিকার হলো আগুন নেভানো। তারপর আগুনে কীভাবে লাগলো বা কারা দায়ী সেই বিষয়ে তদন্ত করা হবে,' যোগ করেন জিল্লুর রহমান।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম দ্য ডেইলি স্টারকে জানায়, দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সকাল সোয়া ৯টার দিকে ছয় তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।