বরগুনায় ডকইয়ার্ডে আগুনে পুড়ল ৫ ট্রলার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

বরগুনায় পাথরঘাটার একটি ডকইয়ার্ডে মেরামত করতে নিয়ে আসা ৫টি সমুদ্রগামী মাছ ধরার ট্রলার আগুনে পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদেরের ডকইয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পাথরঘাটা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে, আগুন লেগে ইলিয়াস কোম্পানি ও সেলিম ফরাজির ১টি করে ও পনু রাঢ়ির মালিকানাধীন ২টি ট্রলার পুরোপুরি পুড়ে গেছে। এনামুল হোসাইনের মালিকানাধীন আরেকটি ট্রলার আংশিক পুড়েছে।

আগুন লাগার কারণ এখনো উদঘাটন করা যায়নি।

ডকইয়ার্ডের মালিক আব্দুল কাদের জানান, গতকাল ইফতারের ঘণ্টা দুয়েক আগে ডকইয়ার্ডের প্রধান কর্মকর্তা নিয়মিত কাজ শেষ করে বাড়ি যান। পরে রাতে আগুন লাগার ঘটনা ঘটে।

আব্দুল কাদেরের ধারণা, কেউ শত্রুতা করে তার ডকইয়ার্ডে আগুন লাগিয়ে দিয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহজাহান সিকদার জানান, ট্রলারগুলোতে দাহ্য পদার্থ থাকার কারণে ও প্রচণ্ড বাতাস থাকায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি ।