বরিশালে ট্রলারডুবি: আরও ১ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২
বরিশালের মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও ১ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ আছেন।
গজারিয়া নদীর মোহনা সংলগ্ন চর বউপুর এলাকা থেকে আজ দুপুরে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার ৪ বছর বয়সী রোহান হাওলাদার উপজেলার মাঝিরজর এলাকার মন্তাজ হাওলাদারের ছেলে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার হলো।
ফায়ার ব্রিগেডের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে বলে জানান ওসি।
উল্লেখ্য, জানাজায় যাওয়ার উদ্দেশ্যে উপজেলার দরিরচর খাজুরিয়া ইউনিয়ন থেকে গজারিয়া নদীতে যাওয়ার সময়ে শুক্রবার সকাল এগারটায় তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের ৫ নিখোঁজ যাত্রীর মধ্যে মা ও মেয়ের মরদেহ উদ্ধার হলে আরও ৩ জন নিখোঁজ ছিলেন। তার মধ্যে আজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার হওয়ায় এখনো ২ জন নিখোঁজ আছেন।