বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বরিশালের মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ ৩ জন ও বাকেরগঞ্জ ১ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় মুলাদীর মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়ইয়া কাজিরচর এলাকার খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) ও মোনাসেফ আলীর ছেলে ওমান প্রবাসী রাজীব নলী (২৩)। আরেকজনের নাম ও পরিচয় জানা যায়নি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মীরগঞ্জ থেকে মোটরসাইকেলে বড়ইয়া কাজিরচর যাচ্ছিলো ৩ জন। পথে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের ওপরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।'
বাকেরগঞ্জ আরেক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাকেরগঞ্জ ভরপাশা ইউনিয়নের কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার এস আই আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল এবং পথে সেটি একটি গাছকে ধাক্কা দেয়। ওই বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। গুরুতর আহত ৭ জনকে স্থানীয়রা শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেছেন।