বসতঘরে আগুন: মায়ের সামনে পুড়ল ছেলে
কুমিল্লার বুড়িচংয়ে বসতঘরে আগুন লেগে মায়ের সামনে পুড়ে নিহত হয়েছেন কলেজ শিক্ষার্থী আলাউদ্দিন (২১)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাকশীমুল ইউনিয়নের খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। চটপটি বিক্রেতা মমিনের ছেলে আলাউদ্দিন।'
স্থানীয় ইউপি সদস্য ফয়েজ আহম্মেদ জানান, আলাউদ্দিনের মানসিক সমস্যা ছিল। তাই তাকে ঘরে রাখা হতো। কিন্তু, বসতঘরে আগুন লাগলে তার মা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরেক যুবক মামুন দগ্ধ হয়েছেন।
বুড়িচং ফায়ার সার্ভিসের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরের একটি কক্ষ থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সময় বাড়িতে নিহতের মা ছাড়া আর কেউ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে দু'টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।