বাগেরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ৬

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বোলতলী এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারওয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকার দিক থেকে আসা একটি ছোট ট্রাক ও নওয়াপাড়ার দিক থেকে যাওয়া একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ছয় জন নিহত ও একজন আহত হন। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, মরদেহগুলো ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি।