বাড্ডায় সড়ক দুর্ঘটনায় দৃষ্টিপ্রতিবন্ধী যুবক নিহত

স্টার অনলাইন রিপোর্ট 

রাজধানীর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়সাল (২৮) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী নিহত হয়েছেন। এ ঘটনায় হরি চরণ (৪৬) নামের আরেক প্রতিবন্ধী আহত হয়েছেন।

গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।

পুলিশ ও হতাহতদের স্বজনরা জানিয়েছেন, ফয়সাল দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং হরি চরণ চোখে কম দেখেন। তারা গাজীপুরের টঙ্গীতে একসঙ্গে থাকতেন এবং দুজনই স্থানীয় 'প্রতিবন্ধী কল্যাণ সংস্থার' সদস্য।  ফয়সাল হরি চরণের সহায়তায় ঢাকা-টঙ্গীতে যাতায়াত করতেন। গতকাল শুক্রবার তারা একসঙ্গে ঢাকায় গেলেও আর ফিরতে পারেননি।

বাড্ডা থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গতকাল রাত সোয়া ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ফয়সাল ও হরি চরণ আহত হন। গুরুতর আহত ফয়সালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হরি চরণ একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  

পুলিশ কাভার্ডভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।