বাবার ভটভটির চাকায় পিষ্ট হয়ে সন্তানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল 

বাবার চালানো ভটভটির (৩ চাকার বাহন) চাকায় পিষ্ট হয়ে সামিউল ইসলাম নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী-আমজামতলা সড়কের বাড়িয়ালী পশ্চিমপাড়ার পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনাটি ঘটে।

সামিউলের বাবার নাম মাইনুল ইসলাম। তার বাড়ি পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামে।

পুলিশ ও শিশুটির বাবা মাইনুল ইসলাম জানান, তিনি বিকেলে ছেলে সামিউলকে নিয়ে ভটভটি চালাচ্ছিলেন। হঠাৎ করে ছেলে গাড়ি থেকে পড়ে যাবার সময় তিনি ছেলেকে ধরতে যান। এ সময় ৩ চাকার ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ছেলের মাথার ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি একটি দুর্ঘটনা মাত্র। মৃতের পরিবার ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফন করার আবেদন করলে, রাতে অনুমতি দেওয়া হয়।'