বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় শিশু নিহত
বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সূর্য নামে ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মুঠোফোনে বলেন, 'বোদা পৌরসভার নগরকুমারী এলাকার শুভ দে তার ৩ বছর বয়সী ছেলের আবদার রাখতে তাকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। সন্ধ্যা ৬টার দিকে বোদা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক দেখে আচমকা মোটরসাইকেল থামাতে গেলে পেছনে থাকা শিশুটি রাস্তায় ছিটকে পড়ে। পরে ওই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।'
তিনি আরও জানান, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।