বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় শিশু নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর আজিমপুর এলাকায় দেয়ালচাপা পড়ে জিহাদ নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিন সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার বাসিন্দা নাদির হোসেনের ছেলে। ২ ভাইয়ের মধ্যে সে ছোট।

নাদির হোসেন জানান, তার ছেলে আজিমপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো। প্রতি দিনের মতো আজও তিনি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে জিহাদ চাপা পড়ে। নাদির হোসেন নিজেও আঘাত পান। জিহাদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আ. কাদির দ্য ডেইলি স্টারকে বলেন, আজিমপুর সরকারি কলোনির সীমানা প্রাচীর ধসে পড়লে এক শিশু চাপা পড়ে। শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।