বালতির পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় বালতি ভর্তি পানি নিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ যমজ বোনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে এ ঘটনায় মৃত্যু হয়েছে রেহাইচর এলাকার এবাদ আলীর ৩ বছর বয়সী মেয়ে সাবা ও সাহারার।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, 'সকাল ৯টার দিকে সাবা ও সাহারা তাদের বাড়িতে বালতি ভর্তি পানি নিয়ে খেলার সময় বালতির ভেতরে পড়ে যায়। তাদের মা বালতির ভেতরে দুজনকে দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

তিনি জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।