বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কামরাঙ্গীরচর রসূলপুরের একটি বাসায় বাথরুমের বালতির পানিতে পড়ে হাফিজা নামের এক বছরের এক শিশু মারা গেছে।

আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পশ্চিম রসূলপুরের বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুর মা-বাবা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা সুমন হোসেন জানান, বাসায় তারা স্বামী-স্ত্রী ও তার ভাগ্নি মিলে দুপুরের খাবার খাচ্ছিলেন। সবার চোখের আড়ালে সেখান থেকে হামাগুড়ি দিয়ে শিশুটি বাথরুমে চলে যায়।

তিনি বলেন, 'কিছুক্ষণ পর আমার ভাগ্নি বাথরুমে গিয়ে হাফিজাকে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। পরে আমরা দ্রুত তাকে নিয়ে ঢাকা মেডিকেলে যাই।'

তাদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলায়। দুই মেয়ের মধ্যে হাফিজা ছোট। সুমন হোসেন একটি কাপড়ের কারখানায় কাজ করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।