বাসচাপায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ২
গোপালগঞ্জে বাসচাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ (২২) ও লিপু শেখ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আরো ২ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল ৩ টা থেকে ৫টা ৪৫ পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
নিহত রাইসুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে। লিপু শেখ গোপালগঞ্জ সদর উপজেলান চরপাথালী এলাকার বাসিন্দা।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তায়ান জানান, ২ বন্ধুকে নিয়ে আজ সকালে একটি ভ্যানে করে শুভ ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ওই ৩ শিক্ষার্থীসহ ভ্যান চালক আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ভ্যানচালক লিপু শেখকে (৪০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তিনি বিকেল ৪টার দিকে মারা যান। আহত ২ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে বলে জানান ওসি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আঞ্চুমারা আঁখি বলেন, 'এই ঘোনাপাড়া এলাকায় কিছুদিন আগেও এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা যায়। কিন্তু সেই ঘটনার কোনো বিচার হয়নি। ওই শিক্ষার্থী ও ভ্যানচালকের পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য আমরা আগামীকাল দুপুর ১২ পর্যন্তু সময় দিয়েছি প্রশাসনকে। ঘাতককে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। তা না হলে আমাগীকাল দুপুর ১২টায় আবার অবরোধ শুরু হবে।'