বাসচাপায় সাইকেল আরোহী নিহত, খাদে পড়ে আহত ৩০ বাসযাত্রী

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে যাত্রীবাহী বাসের চাপায় ইয়াকুব আলী (৫২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাকে ধাক্কা দেওয়ার পর বাসটি খাদে পড়ে গেলে অন্তত ৩০ বাসযাত্রী আহত হন।

আজ রোববার বিকেলে সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের হেরমত আলীর ছেলে। আহতদের মধ্যে সুমনা রানী (৪০), ফাল্গুনী ঘোষ (২২) ও অনুপমা ঘোষের (২২) অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে ইয়াকুব আলী বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে মনোহরপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি লোকাল বাস মাগুরার দিকে যাচ্ছিল। ইয়াকুব আলী সংযোগ সড়ক থেকে যশোর-মাগুরা মহাসড়কে উঠলে তাকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। বাসের অন্তত  ৩০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরপুর বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। গুরুতর আহত যাত্রীদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে প্রায় ১ ঘণ্টা পর বাসের নিচ থেকে সাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।

সদর উপজেলার ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মোকারম হোসেন বলেন, 'দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে ঘাতক বাস ও নিহতের মরদেহ এখন পুলিশ হেফাজতে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।'