বিএম কলেজের পুকুরে নেমে শিক্ষার্থীর মৃত্যু
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের পুকুরে গোসল করতে নেমে সীমান্ত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সীমান্ত আলেকান্দা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া জানান, অলেকান্দা কলেজের ওই ছাত্র বন্ধুদের সঙ্গে বিএম কলেজ পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। তার বন্ধুরা খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে জানানো হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা শুনেছি সে একটু অসুস্থ ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গোসল করতে নেমে পুকুর থেকে না ওঠায় প্রথমে ছাত্ররা উদ্ধারের চেষ্টা করে। অন্তত ২০ মিনিট সে তলিয়ে ছিল, পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, মুমূর্ষু অবস্থায় ছাত্রটিকে প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান তার শারীরিক অবস্থার অবনতি হতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।