বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
রাজধানীর বিমানবন্দর সড়কে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ১ নারীসহ দুজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাইড শেয়ারিং মোটরসাইকেলচালক রফিকুল ইসলাম (৪০) ও আরোহী কাজল আক্তার (৩৫)।
বিমানবন্দর থানার পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'রফিকুলের মোটরসাইকেলে করে উত্তরা থেকে খিলক্ষেতে যাচ্ছিলেন কাজল আক্তার। গতরাত ৩টার দিকে একটি অজ্ঞাত গাড়ি পেছন দিকে থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে কাজল ও রফিকুল ঘটনাস্থলেই নিহত হন।'
'পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়', যোগ করেন তিনি।
জুয়েল মিয়া আরও জানান, পুলিশ ঘাতক গাড়িটিকে চিহ্নিতের চেষ্টা করছে।
নিহত রফিকুল ইসলামের চাচাতো ভাই ফুয়াদ হাসান ডেইলি স্টারকে বলেন, 'রফিকুলের গ্রামের বাড়ি পিরোজপুর। তিনি স্ত্রী ও ৩ কন্যাকে নিয়ে তাঁতিবাজারে থাকতেন। একটি ছোট্ট ব্যবসার পাশাপাশি তিনি রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন।'
নিহত কাজলের মা হাসিনা বেগম ডেইলি স্টারকে বলেন, 'কাজল আক্তার তার ৩ সন্তান নিয়ে আমার সঙ্গে খিলগাঁওয়ে থাকতো। সে একটি বার ও রেস্তোরাঁয় কাজ করতো।'