বিয়ের ফুল কিনে ফেরা হলো না, সড়কেই ঝরে গেল ৩ প্রাণ
বিয়ে বাড়ির ফুল কিনতে গিয়ে যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালী এলাকায় বুধবার বিকেলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জীবন হোসেন (১৮), মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের হাসানুজ্জামান হাসানের ছেলে তৌহিদুল ইসলাম (১৩) ও নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (১৯)।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মেহজাবিন মুক্তি জানান, তৌহিদুল ও নয়ন হোসেনের বুকে ও মাথায় আঘাত লাগায় তাদের মৃত্যু হয়। অন্যদিকে ঘটনাস্থলেই মারা যান জীবন হোসেন।
নিহতের স্বজনরা জানায়, নিহত জীবন হোসেনের বোনের বিয়ে বৃহস্পতিবার। বিয়ে উপলক্ষে ফুল আনতে তারা ৩ জন যশোর থেকে মোটরসাইকেলে ঝিকরগাছার গদখালীতে যাচ্ছিলেন। পথে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় পৌঁচ্ছালে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জীবন হোসেন। স্থানীয়রা অহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তৌহিদুল ও নয়ন হোসেনের মৃত্যু হয়।