বেনাপোলে ব্লিচিং পাউডারভর্তি ৩ ভারতীয় ট্রাক পুড়ে ছাই
বেনাপোল স্থল বন্দরের ট্রাক টার্মিনালে রাখা ব্লিচিং পাউডারভর্তি ৩টি ভারতীয় ট্রাক পুড়ে গেছে।
আজ শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দরের নিরাপত্তারক্ষীরা বলছেন, আজ ভোরে সেহরির শেষ দিকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই ট্রাক ৩টি পুরোপুরি পুড়ে যায়।
বন্দরের উপপরিচালক মামুন তরফদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বুধবার ভারত থেকে ব্লিচিং পাউডারভর্তি ৩টি ট্রাক বন্দরে আসে। এগুলো ত্রিপল দিয়ে ঢাকা থাকার কারণে অত্যাধিক গরমে আগুন লেগে যেতে পারে।'
এই অগ্নিকাণ্ডের ঘটনায় কত টাকার ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান মামুন।
৫ মাস আগে একইভাবে বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডারভর্তি আরেকটি ভারতীয় ট্রাক পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।