ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থলে নিহতরা হলেন: বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মুর্শেদা বেগম (৫০) ও মৃত কাঞ্চন মিয়ার ছেলে দুদু মিয়া (৬০)।

এরপর, মারা যান মো. ফরিদ মিয়া ও হোসনে আরা বেগম।

তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও অটোরিকশার যাত্রী ছিলেন।

ওসি জানান, সিলেট অভিমুখী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটিকে জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।