ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে র্যাবের ৮ সদস্য আহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-১১-এর সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস খাদে পড়ে আট র্যাব সদস্য আহত হয়েছেন।
শনিবার জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহত র্যাব সদস্যরা হলেন- নরসিংদী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তৌফিক আহমেদ, কর্পোরাল জাহিদুল ইসলাম, পুলিশের নায়েক নায়়েক বেলাল হোসেন, কনস্টেবল আক্কাস আলী ও বিজিবির নায়েক মোতাহের হোসেন। আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এর মধ্যে আহত পুলিশের নায়েক বেলাল হোসেন বুকে ও কনস্টেবল আক্কাস মাথায় আঘাত পেয়েছেন।
র্যাব সদস্যরা জানায়, গুরুতর আহত বেলাল ও কনস্টেবল আক্কাসকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত সাদা রঙের মাইক্রোবাসটিকে উদ্ধার করেছে।'
তিনি আরও জানান, র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের একটি দল সুনামগঞ্জের ছাতক এলাকায় অভিযানে যাওয়ার সময় ইসলামপুর এলাকায় হবিগঞ্জমুখী একটি পিকআপ ভ্যান তাদের গাড়িটিকে ডান পাশ দিয়ে অতিক্রম করার সিগন্যাল দেয়। সিগন্যাল পেয়ে র্যাবের গাড়িটি ডান পাশ দিয়ে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপকে বাঁচাতে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে র্যাব সদস্যরা আহত হন।